
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নববর্ষের বার্তায় তিনি বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন, পহেলা বৈশাখ নতুনের বার্তা নিয়ে আসে এবং দুঃখ, জরা ও গ্লানি ভুলে সবাইকে নতুন করে জেগে উঠতে অনুপ্রাণিত করে।
শেখ হাসিনা বলেন, বাংলা নববর্ষ বাঙালির জাতীয় ঐতিহ্যের প্রধান উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। মোঘল আমলে কৃষিভিত্তিক অর্থনীতির প্রেক্ষাপটে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, তা সময়ের ধারায় আজ বিশ্বব্যাপী বাঙালির প্রাণের উৎসবে রূপ নিয়েছে।
তিনি উল্লেখ করেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ, যা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এই উৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নববর্ষের এই প্রভাতে শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন অন্যায়, গ্লানি ও অন্ধকার দূর করে একটি উন্নত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসে।
তিনি বলেন, ❝মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা❞—এই প্রত্যয়ে নতুন বছর শুরু হোক।
বার্তার শেষে তিনি বলেন, আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।